এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা অঘটনের জন্ম দিয়ে সুপার টুয়েলভে উঠেছে নামিবিয়া। আবুধাবিতে গতকাল স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১০৯ রান করে স্কটিশরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মিচেল লিয়াস্ক। জবাবে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় নামিবিয়া। স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটা তাদের তৃতীয় জয়। টস জিতে আগে ফিল্ডিং নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। রুবেন ট্রাম্পেলমানের করা ম্যাচের প্রথম ওভারেই তিন উইকেট হারায় স্কটিশরা। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নামিবিয়ার হয়ে ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ট্রাম্পেলমান। তিনি ম্যাচসেরা হয়েছেন। ১০ রানের বিনিময়ে ২ উইকেট নেন জেন ফ্রাইলিঙ্ক। নামিবিয়ার পক্ষে ৩২ রানে অপরাজিত ছিলেন জনাথন স্মিট।