যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা পাসপোর্ট চালু

যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য প্রথমবারের মতো আলাদা পাসপোর্ট চালু হয়েছে। গত বুধবার দেশটির সরকার প্রথম এ পাসপোর্ট ইস্যু করে বলে জানিয়েছে এবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রের কোন নাগরিক প্রথম ‘এক্স জেন্ডারভুক্ত’ বিশেষ ক্যাটাগরির এ পাসপোর্ট পেয়েছেন, তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, পশ্চিমাঞ্চলীয় কলরাডো রাজ্যের বাসিন্দা ডানা জিম প্রথম পাসপোর্ট পেয়েছেন।

তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকারের স্বীকৃতির বিষয়ে জো বাইডেন প্রশাসনের এ উদ্যোগকে মাইলফলক বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সীমিত সংখ্যক পাসপোর্ট ইস্যু করা হবে। তবে আগামী বছর থেকে সংখ্যা আরও বাড়ানো হবে।

২০১৫ সালে কলরাডোর আদালতে তৃতীয় লিঙ্গের লোকদের জন্য আলাদা পাসপোর্ট চেয়ে মামলা করেন ডানা জিম। মামলাটি এখনো বিচারাধীন। মামলার সময় সাংবাদিকদের জিম বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের তৃতীয় লিঙ্গের নাগরিকরা যেন তাদের প্রাপ্য অধিকারসহ পূর্ণ নাগরিকের মর্যাদা পায়, সেজন্য পৃথক পাসপোর্ট চেয়ে আদালতে মামলা করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের তৃতীয় লিঙ্গ ও সমকামীদের অধিকার বিষয়ের কর্মী জেসিকা স্টার্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নারী-পুরুষের বাইরেও মানুষের লৈঙ্গিক পরিচয় যে বৈচিত্র্যময়, এ পদক্ষেপের মাধ্যমে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের প্রশাসন।’

যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের অন্তত ১৫টি দেশে এ ধরনের বিশেষ পাসপোর্ট চালু রয়েছে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও নেপাল সরকার বেশ আগে থেকেই তৃতীয় লিঙ্গের নাগরিকদের আলাদা পাসপোর্ট দিচ্ছে।

জেসিকা স্টার্ন আশাবাদী, অদূর ভবিষ্যতে এমন দেশের সংখ্যা আরও বাড়বে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশে তৃতীয় লিঙ্গ ও সমকামীদের অধিকার আদায়ের সংগ্রাম শক্তিশালী হচ্ছে।