পার্বতীপুরে থানার গ্রিল ভেঙে পালানো আসামি গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার স্টোর রুমের তালা ভেঙে জানালার গ্রিল কেটে পালানো আসামি মোকারুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুরের চুরিপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মোকারুল ইসলাম পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী আবাসন গ্রামের মৃত ছোবার ওরফে সাত্তারের ছেলে। তিনি ২টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে দিনদুপুরে পার্বতীপুর মডেল থানাহাজতের জানালা ভেঙে ওয়ারেন্টভুক্ত আসামি মোকারুল ইসলাম পালিয়ে যায়। রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দিন দুপুরে ডিউটি অফিসার কেবিএম শাহরিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

বৃহস্পতিবার রাত ১০টায় পার্বতীপুর মডেল থানার ওসি মো. ইমাম জাফর আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।