ইফতেখার চৌধুরীর সিনেমা মানেই অ্যাকশন আর মারমার কাটকাট থ্রিলার। দেহরক্ষী, রাজত্ব, অগ্নি, বিজলি পরিচালনা করে এই নির্মাতা নিজের জাত চিনিয়েছেন। তবে এবার আর সেই পথে হাঁটছেন না। ইফতেখার বানাতে যাচ্ছেন ‘মাইন্ড গেমিং’ গল্পে ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর থাকছেন মাহিয়া মাহি, সজল, আমান রেজাসহ অনেকে। ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে ‘ড্রাইভার’-এর শ্যুটিং শুরু হবে। এতে মোশাররফ করিমকে একজন ড্রাইভার ও মাহিকে দেখা যাবে যাত্রীর চরিত্রে। এই দুজনের মধ্যে চমক নিয়ে হাজির হবেন সজল। পরিচালক বললেন, ‘সজলের চরিত্রটি এখনই জানাতে চাই না। কাজটি বড় আয়োজনের, তাই টুইস্ট নষ্ট করতে চাই না।’ নির্মাতা আরও বলেন, ‘আমার কাজগুলো মানেই দর্শকরা মনে করেন ফাটাফাটি অ্যাকশন। কিন্তু ড্রাইভার হবে ঠিক উল্টো! তবে এটি পুরোপুরি থ্রিলার গল্পের কাজ। মিনিটে মিনিটে সাসপেন্স ক্রিয়েট করবে। মাইন্ড গেমিং কিছু ব্যাপার থাকবে। এ বছরেই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাবে ৯০ মিনিট ব্যাপ্তির ‘ড্রাইভার’। ‘ড্রাইভার’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। তার আরেক সিনেমা ‘মুক্তি’র ক্লাইমেক্স সিন বাকি। তিনি বলেন, ‘প্যান্ডামিকের কারণে এখনো সিনেমা হলের অবস্থা ভালো না। ফিল্ম মেকার হিসেবে বসে না থেকে নতুন মাধ্যম ওটিটির জন্য কাজ করতে চেয়েছি। দর্শক এই মাধ্যম থেকে কাজগুলো উপভোগ করছেন। আমার বিশ্বাস, দর্শক বড়পর্দায় আমার কাজ যেভাবে উপভোগ করেছেন, ওয়েব ফিল্ম হিসেবে ড্রাইভারও পছন্দ করবেন।’
কাজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘গল্পটি খুব ভালো। যে চরিত্রে কাজ করছি সেটিতে অভিনয় করার সুযোগ রয়েছে। আমি কদিন ধরে নানা ধরনের প্রস্তুতির মধ্যে আছি। শিগগিরই শ্যুটিং শুরু হবে। তখন কাজটি নিয়ে আরও ভালো করে কথা বলা যাবে। কাজ এখনো শুরুই হয়নি। তাই অভিজ্ঞতা কিংবা আশাবাদের কথাও বলতে পারছি না।’ এই অভিনেতা আরও বলেন, ‘ইফতেখার চৌধুরীর কাজ সম্পর্কে আমি ধারণা পেয়েছি। তিনি জেনে-বুঝেই কাজ করেন। স্ক্রিনে সেটি সঠিকভাবে ফুটে ওঠে। দর্শক ধরে রাখার ক্ষমতা আছে তার নির্মাণে। একেক পরিচালকের নির্মানের ধরন একেক রকম। পেশাদার অভিনেতা হিসেবে সব ধরনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করাটাই আসল কথা। আমি পুরোদমে সেই চেষ্টা করব। সহশিল্পী হিসেবেও দর্শকের প্রিয় তারকারা আছেন। সব মিলিয়ে ভালো একটি কাজ হওয়ার কথা। যেহেতু এটি ওয়েবের কাজ, তাই এখনই সাসপেন্স নষ্ট করতে চাই না। দর্শক দেখার পর তা জানতে পারলে ভালো।’
মোশাররফ করিম আগে যেমন নিয়মিত নাটকে অভিনয় করতেন, এখন তেমনি নিয়মিত তার ওয়েব কনটেন্ট প্রকাশ হচ্ছে দেশি ও ভারতের ওয়েব প্ল্যাটফর্মে। এ মাসের প্রথম দিনেই ভারতের জি ফাইভে এসেছে ‘দ্য ব্রোকার’। কলকাতার হইচই প্রযোজনা ‘মহানগর’ দিয়ে তো রীতিমতো হইচই ফেলে দেন। এর মাঝেও একাধিক ওয়েব সিরিজে তাকে পাওয়া গেছে। সম্প্রতি কাজ করেছেন আরেক ওয়েব ফিল্ম ‘বকুল কথা’র। এর বাইরে বেশ কিছু চলচ্চিত্র রয়েছে তার হাতে। এর মধ্যে ‘গাঙ কুমারী’ ও ‘মুখোশ’ ছবি দুটিতে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘শিল্পের সব মাধ্যম আমার কাছে একই রকম। কোন চরিত্র করছি, সেটাই সবার আগে ভাবি। এখানে আসলে চরিত্র থেকে চরিত্রের পার্থক্য থাকে, সেখানে আমার মতো করে অভিনয়টা করে যাই। এ ক্ষেত্রে যে টিম যত বেশি গোছানো, তারা সেভাবে পুরো কাজ সুশৃঙ্খলভাবে এগিয়ে নেয়। তবে কাজের সময় ও বাজেট ভালো থাকলে অভিনয়ে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করি।’