জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার অর্ধেকই নারী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গত ২৬ অক্টোবর শপথ নেয়। অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়। এবারের মন্ত্রিসভায় জাস্টিন ট্রুডো ছাড়া যে ৩৮ জন স্থান পেয়েছেন, তাদের মধ্যে ১৯ জনই নারী। ২০১৫ সাল থেকে ট্রুডো বলে আসছেন, তিনি কানাডায় নারী-পুরুষের লিঙ্গগত বৈষম্য দূর করবেন। নতুন মন্ত্রিসভায় তার সেই কথার প্রতিফলন লক্ষণীয়।ট্রুডোর মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন নারীরা। যেমন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে কাজ করবেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অনিতা আনন্দ।

লিঙ্গগত সমতার পাশাপাশি নতুন মন্ত্রিসভায় বিভিন্ন বর্ণ-গোত্রের সদস্যদের রাখা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ভিজিবল মাইনরিটি (যাদের গায়ের রং সাদা নয়) রয়েছেন আটজন। কানাডার মোট জনসংখ্যার ২২ শতাংশ ভিজিবল মাইনরিটি। মন্ত্রিসভায় আছেন একজন আদিবাসী। কানাডার মোট জনসংখ্যার ৪ দশমিক ৯ শতাংশ আদিবাসী। তিনজন মন্ত্রী নেওয়া হয়েছে এলজিবিটিকিউ২এস কমিউনিটি থেকে। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দুজন মুসলমান। তারা হলেন ওমর আলগাবরা, যিনি সিরিয়ান বংশোদ্ভূত। অপরজন আফ্রিকান বংশোদ্ভূত আহমেদ হুসাইন। ভারতীয়-পাঞ্জাবি বংশোদ্ভূত তিনজন মন্ত্রিসভায় রয়েছেন।