শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সাম্প্রদায়িক হামলা শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশেও হয়েছে। উগ্র সাম্প্রদায়িকতা কোনো ধর্মে সীমাবদ্ধ নেই। আমাদের পাশের দেশ মিয়ানমারেও সাম্প্রদায়িক হামলা হয়েছে। ভারতেও কখনো কখনো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।’
গতকাল শুক্রবার বেলা ১১টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষ মানে যার যার ধর্ম ও উৎসব সে স্বাধীনভাবে পালন করবে। এখানে কেউ কাউকে ধর্ম প্রচার, উৎসব কিংবা ধর্ম পালনে বাধাগ্রস্ত করবে না। এসব বিষয় আমাদের সবার সংবিধানেরও নিশ্চয়তা দেয়। সম্প্রতি যে সাম্প্রদায়িক হামলা হলো কয়েকটি জায়গায়, সেই হামলার পেছনে কারা, সেগুলো দ্রুতই তদন্ত হচ্ছে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এমপি, শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
আন্তঃসংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বক্তব্য শেষে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।