গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র্যাব) ৬।
শনিবার সকাল ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ (সিপিসি২) র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার মধ্যরাতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটের দিকে র্যাব-৬ এর (গাংনী) একটি দল খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে।