দুই বর্ষীয়ান ক্রিকেটারকে হারিয়ে কাঁদছে অস্ট্রেলিয়া

কাঁদছে অস্ট্রেলিয়া। দুই টেস্ট কিংবদন্তি অ্যালান ডেভিডসন এবং অ্যাশলে মলেটকে হারিয়ে শোকস্তব্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেট।

শনিবার ৯২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন অলরাউন্ডার ডেভিডসন। তার আগে শুক্রবার ৭৬ বছর বয়সে ক্যানসারে ভুগে না ফেরার দেশে পাড়ি জমান অফ-স্পিনার মলেট। খেলোয়াড়ি জীবন শেষে লেখক ও সাংবাদিক জীবন শুরু করেছিলেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বাঁ-হাতি পেসার এবং লোয়ার অর্ডার ব্যাটার ডেভিডসনকে বিবেচনার করা হয় ‘ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং সবচেয়ে প্রভাবশালী ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে’।

১৯৫৩ সালে অ্যাশেজ সফর দিয়ে টেস্টে অভিষেক হয় ডেভিডসনের। ৪৪ টেস্টে ১৮৬ উইকেট নেন তিনি। তার সেরা ফিগার ৯৩/৭। যা তার সময়ে ছিল বাঁ-হাতি বোলারদের মধ্যে বিশ্বের সেরা।

এছাড়া ব্যাট হাতে ২৪.৫৯ গড়ে পাঁচ ফিফটিতে ১৩২৮ রান করেন তিনি।

অন্যদিকে, মলেট ১৯৬৮ থেকে ১৯৮০ পর্যন্ত ৩৮ টেস্ট খেলে নিয়েছেন ১৩২ উইকেট। নাথান লায়ন (৩৯৯) ও হিউ ট্রাম্বলের (১৬১) আগে তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল টেস্ট অফ-স্পিনার।

১৯৭২ সালে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রানে ৮ উইকেট নেন মলেট। টেস্টে অজি অফ-স্পিনারের এটিই সেরা ফিগার। তার আরেক অর্জন হলো, ১৯৬৯-৭০ মৌসুমে ভারত সফরে ২৮ উইকেট শিকার।