মামার বিয়ের ফুল তুলতে গিয়ে সড়কে প্রাণ গেল তাসনুভার

মামার বিয়ের আনন্দে ফুল তুলতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় তাসনুভা শর্মি (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাসনুভা উপজেলাধীন মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের কবির ভূঁইয়া বাড়ির সৌদি আরব প্রবাসী দিদারুল আলমের মেয়ে।

নিহতের মামা আবু বক্কর জানান, তার ছোট ভাই তাসনুভার ছোট মামা সোলায়মান বাদশার বিয়ে ছিল গতকাল শুক্রবার। বিয়ে উপলক্ষে কয়েক দিন আগে মায়ের সঙ্গে মামা বাড়ি বেড়াতে আসে তাসনুভা। শনিবার দুপুরে ভাত বেড়ে মা তাকে ভাত খেতে ডাকেন। তখন `বাইরে যাচ্ছি ১০ মিনিট পর ফিরে এসে খাব’ বলে বেরিয়ে যায় সে। এরপর কাউকে না জানিয়ে বাড়ির পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডে অবস্থিত একটি কামিনী গাছ থেকে ফুল তুলতে যায় তাসনুভা।

তিনি আরও জানান, এ সময় ফুল ছিঁড়ে মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় তাসনুভা। খবর পেয়ে মামা আবু বক্কর ও সোলায়মান বাদশা স্থানীয়দের সাহায্যে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনুভার মামার বাড়িতে গিয়ে দেখা যায় বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা। আত্মীয়-স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে আছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় দায়ী গাড়িটাকে আটকের চেষ্টা চলছে।