যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের ফাইজারের টিকা অনুমোদন

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধবিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দেয় বলে জানিয়েছে এএফপি। ফাইজারের টিকার এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের ২ কোটি ৮০ লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়ার সুপারিশ করেন এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সে সময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

চীন, চিলি, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশ অল্পবয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। ফাইজারের টিকা অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রও এই তালিকায় যুক্ত হলো।