স্কটল্যান্ডে কপ-২৬ সম্মেলন

যুক্তরাজ্যের উদ্দেশে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে আসন্ন কপ-২৬ জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বৈশ্বিক উপায় নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে। গতকাল শনিবার মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দিতে আজ রবিবার প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১৩ দিনের এই সফরে লন্ডন ও প্যারিসেও যাবেন তিনি। গ্লাসগোয় ৩১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিএফ সভাপতি হিসেবে বাংলাদেশ একটি জোরালো ভূমিকা পালন করছে। সম্মেলন অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সিভিএফ-কপ২৬ লিডার্স ডায়লগ’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। গ্লাসগোতে ১ নভেম্বর প্রধানমন্ত্রী কপ-২৬-এর একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন।

সম্মেলনের প্রধান আয়োজক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে বলেছিলেন, সম্মেলনটি অবশ্যই ‘মানবতার ইতিহাসে এক সন্ধিক্ষণ হয়ে থাকবে।’ এ সম্মেলনকালে শেখ হাসিনার সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৮টি দেশের সিভিএফ সংলাপ জলবায়ু প্রভাব প্রশমন, অভিযোজন ও অর্থায়নের ওপর গুরুত্ব আরোপ করে ‘ঢাকা-গ্লাসগো ঘোষণা’ চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। সর্বাধিক জলবায়ু ঝুঁকিপূর্ণ ৪৮টি দেশের সমন্বয়ে সিভিএফ গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসাসহ অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ১ নভেম্বর শেখ হাসিনা সিভিএফ-কমনওয়েলথের একটি যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পরের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা ‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি-দি ক্রিটিকাল ডিকেড’ শীর্ষক এক বৈঠক এবং ‘উইমেন অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক আরেকটি আলোচনা সভায় যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী স্কটল্যান্ড পার্লামেন্টে স্কটিশ আইনপ্রণেতাদের সামনে ‘এ কল ফর ক্লাইমেট প্রসপারিটি’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন।

৩-৮ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী লন্ডন সফর করবেন জানিয়ে মোমেন বলেন, সেখানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়েস্টমিনস্টার প্যালেসে ব্রিটিশ আইনপ্রণেতাদের সামনে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি ভার্চুয়ালি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। শেখ হাসিনা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর ক্লাসিফাইড তথ্যসংবলিত কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন।

প্রধানমন্ত্রী ৯-১৩ নভেম্বর জাতিসংঘ আয়োজিত কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ফ্রান্স সফর করবেন। শেখ হাসিনা তার প্যারিস সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দু’দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হবে। ইউনেস্কো আগামী ১১ নভেম্বর ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’ পদক প্রদান করবে।

তিনি বলেন, এটা গোটা জাতির জন্য গর্বের বিষয় যে, ইউনেস্কো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে। বাবা বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসের এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। 

এছাড়া ইউনেস্কো ১২ নভেম্বর তাদের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে সার্বজনীন, মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বজনীন আদর্শ তুলে ধরার পাশাপাশি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস সফরকালে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মিডিয়া ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

বৃহস্পতিবার লন্ডনে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ (বিআইডিএ) এবং বাংলাদেশ হাইকমিশনের অংশীদারিত্বে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো আয়োজন করতে যাচ্ছে।

লন্ডন এসডব্লিউ১পি ৩ইই-তে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশি (এনআরবি) ও প্রতিষ্ঠান অংশ নেবে।

পরে ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার : ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন বাংলাদেশ’ নিয়ে আরেকটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্স উইন্ডমিল সেন্ট অব ম্যানচেস্টার এম২ ৩জিএক্স-এ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক ও বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে।