টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ২-এর সব কটি দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ ২-তে পাকিস্তানের মতোই গ্রুপ ১-এ ইংল্যান্ড গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে। তবে খাতায়-কলমে এখনও শেষ চার নিশ্চিত হয়নি ইয়ন মর্গ্যানের দলের। তবে পয়েন্ট ও নেট রান রেটে এখনও দৌড়ে এগিয়ে ইংল্যান্ড। বাকি জায়গাটির জন্য মূল লড়াই তিনটি দলের মধ্যে।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে গঠিত গ্রুপ অফ ডেথ থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণ এখন কোথায় দাঁড়িয়ে দেখা যাক।
ইংল্যান্ড
ইংল্যান্ড তিনটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে, নেট রান রেট ৩.৯৪৮। ইয়ন মর্গ্যানদের ম্যাচ বাকি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গ্রুপ ১-এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে অস্ট্রেলিয়া, চারে শ্রীলঙ্কা, পাঁচে বাংলাদেশ ও ছয়ে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড যদি বাকি দুটি ম্যাচের দুটিতেই হেরে যায় তাহলে মর্গ্যানদের টপকে যাওয়ার হাতছানি থাকবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সামনে। আবার ইংল্যান্ড যদি একটিতে হারে এবং একটিতে জেতে, সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বাকি দুটি ম্যাচেই জেতে তাহলে তিনটি দলই থাকবে আট পয়েন্টে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।
দক্ষিণ আফ্রিকা
তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা গতকাল শ্রীলঙ্কাকে হারানোয় তিন ম্যাচের শেষে প্রোটিয়াদের ঝুলিতে রয়েছে চার পয়েন্ট। নেট রান রেট ০.২১০। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি রয়েছে। দক্ষিণ আফ্রিকা যদি বাংলাদেশকে হারিয়ে দেয় এবং ইংল্যান্ডের কাছে হেরে যায় তাহলে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যেতে পারে। আবার ধরা যাক, দক্ষিণ আফ্রিকা বাকি দুটি ম্যাচেই জিতে আট পয়েন্ট পেল। অন্যদিকে, অস্ট্রেলিয়া দুটি ম্যাচ জিতল এবং ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। সেক্ষেত্রে তিন দলের আট পয়েন্ট হলে সেই নেট রান রেট নির্ধারণ করে দেবে গ্রুপ অব ডেথ থেকে কোন দুই দল শেষ চারে যাবে।
অস্ট্রেলিয়া
প্রথম দুটি ম্যাচে জিতলেও সুপার টুয়েলভের ম্যাচে ইংল্যান্ডের কাছে সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হয়ে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। নেট রান রেট মাইনাসে চলে যাওয়ায় দুইয়ে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ০.৬২৭। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অজিদের ম্যাচ বাকি। গ্রুপ অব ডেথে একেবারে নীচে থাকা দুই দলের বিরুদ্ধে ফেভারিট অজিরা। তবে ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, ফলে অজিদের সতর্ক থাকতেই হবে। দুটি ম্যাচ জিতে আট পয়েন্টে পৌঁছালে কিছুটা স্বস্তিতে থাকতে পারে অস্ট্রেলিয়া। কেন না, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আট পয়েন্টে পৌঁছে যেতেই পারে।
শ্রীলঙ্কা
পয়েন্ট তালিকায় চারে রয়েছে শ্রীলঙ্কা । ৩ ম্যাচে দাসুন শনকার দলের রয়েছে ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৩৫০। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে জিতলেও শ্রীলঙ্কার শেষ চার নিশ্চিত হবে না। সেমিফাইনালে ওঠার আশা নিয়ে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। শ্রীলঙ্কার রাস্তা পরিষ্কার হতে পারে যদি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া নিজেদের শেষ দুটি ম্যাচেই হেরে যায়। তাহলে ইংল্যান্ড ৮ ও শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে যেতে পারবে। ইংল্যান্ড যদি বাকি দুটি ম্যাচে জিতে ১০ পয়েন্টে পৌঁছে যায় তাহলে বাকি পাঁচটি দলের চার পয়েন্টে থাকার সম্ভাবনাও খোলা। সেক্ষেত্রে সেই নেট রান রেট বিচার্য হবে। তবে জটিল সমীকরণ এড়াতেই চাইবে শ্রীলঙ্কা। কিন্তু সবার আগে বাকি দুটি ম্যাচ জিততেই হবে।
ওয়েস্ট ইন্ডিজ
গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। ক্যারিবিয়ানদের নেট রান রেট বাংলাদেশ তথা গ্রুপে সকলের চেয়ে খারাপ, মাইনাস (-) ১.৫৯৮। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফলে নেট রান রেটের বিচারে শেষ চারে যাওয়ার লড়াই এড়াতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। কেন না, শেষ দুটি ম্যাচে বিশাল ব্যবধানে জয় ছাড়া নেট রান রেটে উন্নতির সম্ভাবনা নেই। ওয়েস্ট ইন্ডিজ বাকি দুটি ম্যাচ জিতলে তাদের দখলে থাকবে ৬ পয়েন্ট। ফলে শ্রীলঙ্কার মতো ওয়েস্ট ইন্ডিজও চাইবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বাকি দুটি ম্যাচে হেরে চার পয়েন্টেই দাঁড়িয়ে থাকুক। সেক্ষেত্রে ইংল্যান্ডের সঙ্গে শেষ চারে যাওয়ার দরজা কাইরন পোলার্ডদের সামনে খুলে যাবে।
বাংলাদেশ
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে হারের হ্যাটট্রিক সেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে পয়েন্ট শূন্য, নেট রান রেট মাইনাস (-) ১.০৬৯। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ বাকি। মাহমুদুল্লাহর দলের বিশ্বকাপের শেষ চারে ওঠার সম্ভাবনা বাস্তবে নেই। খাতায়-কলমে জটিল অঙ্কের সমীকরণে অবশ্য রয়েছে। তবে অনেক যদি-কিন্তু রয়েছে। ইংল্যান্ডকে সেক্ষেত্রে বাকি দুটি ম্যাচে জিতে ১০ পয়েন্টে পৌঁছাতে হবে। বাংলাদেশকে বাকি দুটি ম্যাচে জিতলেই হবে না, বাকি পাঁচটি দলই চার পয়েন্টে দাঁড়িয়ে থাকবে এমন অবস্থা তৈরি হতে হবে। তাতেও বাংলাদেশের নেট রান যা তাতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই। যদি না বিশাল ব্যবধানে জিতে মিরাকল ঘটিয়ে নেট রান রেট একটা দারুণ উচ্চতায় পৌঁছে দেওয়া যায়!