কালকিনি উপজেলায় এক বাড়ি থেকে ২১টি ককটেল উদ্ধার করেছে মাদারীপুর র্যাব-৮।
শনিবার রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃর্ধাকান্দি গ্রামের চর ফতেবাহদুরের দক্ষিণ দুয়ারী এলাকার একটি দোচালা টিনের ঘর থেকে এই ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনের নামসহ অজ্ঞাতানামা ৪-৫ জনের নামে মামলা করা হয়েছে।
র্যাব জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিডি খাঁন ইউপির ৯নং ওয়ার্ডের মোরগ মার্কা প্রতীকের প্রার্থীকে জিতানোর নিমিত্তে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য উক্ত বোমা তৈরি ও নিজেদের দখলে মজুত করে রাখেন মো. মোয়াজ্জেম হোসেন মৃধা নামের এক ব্যক্তি।
এই গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২১টি ককটেল উদ্ধার করে। এই ঘটনায় জড়িতের বিরুদ্ধে একটি এজাহার করা হয়।
এজাহার নামীয় পলাতক আসামিরা হলেন- মো. শিপন হাওলাদার (৩৫), তারা মিয়া সরদার (৪০), মো. মানিক বেপারী (২৭)। সবাই কালকিনি উপজেলার চর দৌলত খাঁন (সিডিখাঁন) ইউপি নতুন চর দৌলত খাঁনের (ওয়ার্ড নং-৭) বাসিন্দা।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, জব্দকৃত ২১টি স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্যগুলো র্যাব-৬ খুলনা হতে আসা বোমা ডিসপোজাল টিম ধ্বংস করেন।
পরবর্তীতে ককটেল ধ্বংসের ঘটনাস্থল হতে আলামত সংগ্রহ করে মাদারীপুর জেলায় কালকিনিতে হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।