টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আব্বাস বিন হাকিম সম্মান ক্ষুণ্ন হওয়া এবং অবমূল্যায়নের কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।
বুধবার তিনি তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের বিষয়টি অবহিত করেন।
খন্দকার আব্বাস বিন হাকিম উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামের বাসিন্দা।
তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, অত্যন্ত পরিতাপের বিষয় যাদের সংগঠনে এনেছি, দীর্ঘ সময় একসঙ্গে পথ চলেছি, ভাইয়ের মতো মনে করেছি, সহযোগিতা করেছি, বিপদে ছুটে গিয়েছি, অর্থ সহযোগিতা করেছি, তারাই আজ পায়ের নিচে মাটি নাই বুঝেও চেয়ারম্যান পদে মনোনয়ন পাবে না জেনেও নানা রকম চালাকি করে আমার সম্মান নষ্ট করার চেষ্টায় লিপ্ত।
আনাইতার ইউপি নির্বাচনে ১০ জন প্রার্থী হওয়ায় মনে করলাম নেতা হিসাবে আমি যোগ্য নই, কর্মীদের রাজনৈতিক শিক্ষা দিতে পারি নাই, আমার অযোগ্যতার জন্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রাথমিক সদস্য পদ হইতে পদত্যাগ করলাম।
এ ব্যাপারে খন্দকার আব্বাস বিন হাকিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফেসবুকে স্ট্যাটাসের কথা পুনরাবৃত্তি করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি নির্বাচন বিষয়ে অভিমান করে পদত্যাগপত্র দিয়েছিলেন। দল তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।