বাঁশখালীতে বিদ্যুতের তারের ফাঁদে ফের বন্য হাতির মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে আবারও একটি বন্য হাতি বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে মারা গেছে। বুধবার বন বিভাগের কর্মকর্তারা বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি লটমনি এলাকায় হাতিটির মৃত্যু হয়।

খবর পেয়ে আজ বুধবার সকালে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসক এনে হাতিটির ময়নাতদন্ত করে নমুনা সংগ্রহ করা হয়।

বন বিভাগ জানায়, ঘটনাস্থলের আশপাশে কোনো স্থাপনা না থাকলেও হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গা থেকে বিদ্যুতায়িত হয়ে হাতিটি সেখানে এসে মারা যায়।

বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক দিয়ে হাতিটির ময়নাতদন্ত করাই। চিকিৎসকেরা জানান, বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।’

এর আগে গত ১২ নভেম্বর উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বলের ছোট বিল নামের পাহাড়ি এলাকার ধানখেতের পাশে একটি হাতি মৃত অবস্থায় পাওয়া যায়।