মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

হাজার কিমি পাড়ি দিতে সাইকেল শোভাযাত্রা শুরু

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব সাইক্লিং দলের (ছেলে ও মেয়ে) শোভাযাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে এ শোভাযাত্রা শুরু হয়। লাল-সবুজের পতাকা নিয়ে সাইক্লিং দলের বর্ণাঢ্য শোভাযাত্রাটি দেশের ১৮টি জেলা অতিক্রম করে এক হাজার ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামী ১২ ডিসেম্বর কক্সবাজার গিয়ে শেষ হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় শোভাযাত্রার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬ সদস্য সাইক্লিং শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আগামী ৬ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান থাকবে। আগামী ১২ ডিসেম্বর দলটি কক্সবাজারে গিয়ে যাত্রা শেষ করবে। সেখানে লেজার শো এবং আতশবাজির আয়োজন থাকবে।