ভারতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় আগামী ১৫ ডিসেম্বর থেকে পূর্ব ঘোষিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। গতকাল বুধবার ভারতীয় কর্র্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

ডিজিসিএ বলেছে, নতুন ভ্যারিয়েন্টের কারণে বৈশ্বিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে সবার সঙ্গে পরামর্শ করে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবা পুনরায় চালুর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।

এর আগে, গত সপ্তাহে কর্র্তৃপক্ষ আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। তখন বলা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় না থাকা দেশগুলোর যাত্রীরা ১৫ ডিসেম্বর থেকে মহামারী শুরুর আগের নিয়ম অনুযায়ী যাতায়াত করতে পারবে।

শুধু ভারতই নয়, ওমিক্রনের কারণে বিশ্বের আরও অনেক দেশ ইতোমধ্যেই তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ইউরোপে একের পর এক দেশে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়তে শুরু করায় ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। তবে এর আগেই আফ্রিকার সঙ্গে সব ফ্লাইট বাতিল করে ৪৪টি দেশ।