শুষ্ক ত্বকের যত্নে নিজেই তৈরি করুন ময়েশ্চারাইজার

শীত নেমে গেছে বলা চলে। এই মৌসুমে শীতল হাওয়ায় ত্বক হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। তাই এ সময় সব ধরনের ত্বকে বিশেষ যত্ন প্রয়োজন।

প্রাকৃতিক উপাদান দিয়ে শুষ্ক ত্বক উপযোগী ময়েশ্চারাইজার তৈরির পদ্ধতি থাকছে আজ-

গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর মিশ্রণ

রঙ ও গন্ধহীন কার্বনের যৌগ গ্লিসারিন শুষ্ক ত্বক আর্দ্র করতে সহায়তা করে। এই গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল ও লেবু মিশিয়ে ময়েশ্চারাইজার তৈরি করা যায়। গোলাপ জলে আছে ফেনিলেথানল যা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের নানা সমস্যা দূর করতে সহায়তা করে। আর লেবুর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর ময়েশ্চারাইজার ত্বকের সুস্থতায় ভূমিকা রাখে।

তৈরির পদ্ধতি

এই ময়েশ্চারাইজার তৈরিতে লাগবে ২০ মিলিলিটার গোলাপ জল, ৫ ফোঁটা গ্লিসারিন ও একটি লেবুর রস। পরিমাণমতো এই তিন উপাদান ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি ময়েশ্চারাইজার। ফ্রিজে ১ মাস সংরক্ষণ করা যায় এই মিশ্রণ।

যখন ত্বক বেশি শুষ্ক

ত্বক খুব বেশি শুষ্ক হলে গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর তৈরি ময়েশ্চারাইজারে যোগ করতে হবে একটি ভিটামিন ই-ক্যাপসুল।