ফিরেই শূন্যের রেকর্ড গড়লেন কোহলি

কানপুর টেস্টে ছিলেন না বিরাট কোহলি। তিনি বিশ্রামে থাকায় ভারতকে নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। তবে মুম্বাই টেস্টে ফিরেই একটি ‘লজ্জার’ রেকর্ড গড়ে বসলেন কোহলি।

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ১০ বার ডাক মারলেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ইনিংসের ৩০তম ওভার করতে আসা অ্যাজাজ প্যাটেলের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ৪ বল খেলে খালি হাতে সাজঘরে ফিরতে হয় কোহলিকে।

সেই সঙ্গে ভারতীয় অধিনায়কদের মধ্যে এক পঞ্চিকাবর্ষে টেস্টে সর্বোচ্চ ৪ বার ডাক মারার রেকর্ড গড়লেন তিনি। কোহলির আগে সমান চারবার করে ডাক মেরেছেন তার আরও তিন স্বদেশি।  

১৯৭৬ সালে বিষেন বেদী, ১৯৮৩ সালে কপিল দেব (১৯৮৩) ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির পর ২০২১ সালে চার ডাক নিয়ে এই তালিকায় যোগ দিলেন কোহলি।

এছাড়া, টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে গ্রায়েম স্মিথের পাশে বসলেন কোহলি। সর্বোচ্চ ১৩ ডাক নিয়ে এই তালিকায় সবার ওপরে সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সমান ১০বার করে ডাক মেরে পরের দুই স্থানে স্মিথ ও কোহলি। ৮ বার করে ডাক মেরে তাদের নিচে আছেন মাইকেল আথারটন, হ্যানসি ক্রনিয়ে ও ধোনি।

কোহলির ব্যর্থতার দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জ্বলেছেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ভারত।