শীতে আমরা চুলের খুশকি সমস্যায় ভুগি। এ সময় চুল হয়ে পড়ে চিটচিটে। খুশকির কারণে মাথার ত্বক রুক্ষ হয়। চুলের আগা ফেটে যায়। তাই শীতের সময় চুলের জন্য প্রয়োজন বাড়তি যতœ। করণীয় জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম
প্রথমেই জানতে হবে চুল তৈলাক্ত না স্বাভাবিক। তা বুঝে শ্যাম্পু ব্যবহার করতে হবে। শীতে চুল যদি রুক্ষ হয়, তাহলে শ্যাম্পু পরিবর্তন করতে হবে। রুক্ষ চুলের জন্য প্রয়োজন ময়েশ্চারাইজার-সমৃদ্ধ শ্যাম্পু। শীতের সময় চুলে শ্যাম্পু করে অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন। চুল ধোয়ার পর শ্যাম্পু যেন চুলে থেকে না যায়, থাকলে চুল আরও রুক্ষ হবে।
শীতের সময় চুলে হেয়ার ড্রায়ার যথাসম্ভব কম ব্যবহার করবেন। এতে চুল আরও শুষ্ক এবং ভঙ্গুর হয়ে পড়বে। স্ক্যাল্পও শুষ্ক হয়ে খুশকির প্রকোপ বাড়বে। শীতের শুরুতেই মাসে একবার ডিপ কন্ডিশনিং স্পা করাতে পারলে ভালো। চাইলে পার্লারে গিয়ে ডিপ কন্ডিশনিং স্পা বা রুট নারিশিং অয়েল মাসাজ করিয়ে নিতে পারেন। মৌসুমি ফল ও প্রচুর পরিমাণে পানি পান করবেন। ক্যাস্টর অয়েল চুলের যত্নে বেশ উপকারী। রুক্ষ চুলের জন্য ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। ডিমের সঙ্গে এক চামচ মধু আর কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে চুলে দিন। বিশ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
চুল ঝরঝরে রাখতে অ্যালোভেরা উপকারী। দুটি অ্যালোভেরা জেলের সঙ্গে অল্প মধু নিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। চায়ের ঠান্ডা লিকার কন্ডিশনার হিসেবে খুবই ভালো। চুলের আগা ফাটা রোধ করতে সহকারী ভূমিকা পালন করে। পাত্রে চায়ের লিকার নিয়ে চুলের আগা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। কিছু সময় পর চুল ধুয়ে নিন। নিয়মিত চায়ের লিকার ব্যবহার করলে চুলের আগা ফাটা কমবে।
চুলে পুষ্টি জোগাতে হট টাওয়েল পদ্ধতিও খুব কার্যকর। প্রথমে চুলে তেল লাগিয়ে নিন। এবার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চিপে এই তোয়ালে গরম থাকা অবস্থায় পুরো মাথায় জড়িয়ে রাখুন। কিছু সময় পর খুলে ফেলুন। এভাবে তিন থেকে চারবার করুন। এরপর চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। শীতে চুলের রুক্ষতা দূর করতে তেলের বিকল্প নেই। রাতে নারিকেল তেল হালকা গরম করে স্ক্যাল্পে এবং চুলেও লাগিয়ে রাখুন। স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভালো হবে। সকালে শ্যাম্পু করে কন্ডিশনার লাগান।
এ ছাড়া চুলের রুক্ষতা দূর করতে সপ্তাহে দুদিন টক দইয়ের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে ব্যবহার করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল ঝলমলে ও প্রাণবন্ত হবে। মনে রাখবেন অন্য সময়ের তুলনায় শীতে চুলের একটু বেশি যত্নই নিতে হয়।