নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ছয়তলা ভবনের ৫ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে দগ্ধ ৪ জনকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে ফতুল্লার কায়েমপুর বিলাসনগর এলাকায় (বুলবুল মিয়ার মালিকানাধীন) একটি ছয় তলা ভবনের পঞ্চম তলায় ভাড়াটের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আশ-পাশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

দগ্ধরা হলেন- গনি মিয়া (৪৮), সাঈদ হোসেন (৩৮), মিলন মিয়া (৩৪) ও চায়না বেগম (৪০)। তারা সবাই স্থানীয় একটি ঝুট গুদামের শ্রমিক।

তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চায়না বেগমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পাঁচ তলার ওই ফ্ল্যাটে সাবলেটে দুইটি পরিবার বাস করেন। তাদের এক পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে রান্নাঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমে জমাট বেঁধে থাকে। তারা কর্মস্থল থেকে বাসায় এসে রান্নার জন্য চুলা ধরানোর সময় আগুন ধরে যায়।

একপর্যায়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে চারজন দগ্ধ হন। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে পাঠান। আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের ঘটনার বিষয়ে স্থানীয়রা কেউ আমাদের কিছু জানায়নি। দীর্ঘ সময় পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ইউনিট পাঠাই। তবে এর আগেই স্থানীয়রা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।