জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লেখা হয়, উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আপনি সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, দলীয় সিদ্ধান্তেই আব্দুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাকে আগামী ৯০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অন্যথায় চিরস্থায়ী বহিষ্কার করা হবে।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো ফজলুর রহমান বলেন, গত শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী নিয়ে বসা হয়েছিল।
সেখানে ধানকোড়া ইউনিয়নের সভাপতি আব্দুল হক সিনিয়র নেতাদের সঙ্গে খারাপ আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। হয়েছে। আব্দুল হক ধানকোড়া ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী আব্দুল রউফের ভাই।
এ বিষয়ে ধানকোড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত সভাপতি আবুল হক বলেন, আমি দলের কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করিনি। বিদ্রোহী প্রার্থীর বিষয়ে যা বলেছি, দলের ভালোর জন্য বলেছি। তবে ৯০ দিনের মধ্যেই কারণ দর্শানোর জবাব দেওয়া হবে বলে তিনি জানান।