রাতে বাড়ি ফেরেননি ব্যবসায়ী, সকালে মিলল ঝুলন্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে বাড়ির এক কিলোমিটার দুরে আকাশমণি বাগানের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ওষুধ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে রবিবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার রাতে থেকে ওষুধ ব্যবসায়ী নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানান। পরে সকালেই বাড়ির কিছু দুরে গাছে ঝুলে আছে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক ধারণা করছে এটি আত্মহত্যা হতে পারে।

নিহত ওষুধ ব্যবসায়ীর নাম হাবিবুল বাসার প্রধান (৩০)। তিনি বেলদিয়া গ্রামের খাইরুল প্রধানের ছেলে। তিনি কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, হাবিবুল কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন। প্রতিদিন রাতেই ব্যবসা শেষে বাড়ি ফিরে আসতেন।

তারা আরও জানান, গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে দুই সন্তান নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হতো।  কোনো একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হচ্ছিল তাদের পরিবারে। প্রতিদিনের মতো শনিবার সকালে কাওরাইদ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যায় হাবিবুল। দিনভর দোকানদারিও করে সে।

সব সময় দুপুরের খাবার খেতে বাড়ি আসলেও সে দিন আসেনি। পরে রাত সাড়ে ১১টা বেজে গেলেও বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনের বাড়ি অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির কিছু দূরের একটি আকাশি বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরও অধিক তদন্ত করে বিস্তারিত বলা যাবে।