কারচুপির অভিযোগ, পুনর্নির্বাচন দাবি নৌকার প্রার্থীর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সাইদুল ইসলাম। ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের সিরাজুল ইসলামকে কারচুপির মাধ্যমে নির্বাচিত করার অভিযোগ এনে ও পুনর্নির্বাচনের দাবিতে তিনি গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ভিকুনিয়া বাজারে এ সম্মেলন করেন। পরে ওই বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মোহাম্মদ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নির্বাচনে প্রার্থীর এজেন্টরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে মৃত, প্রবাসী ও অনুপস্থিত ভোটারের ভোটও দেওয়া হয়েছে। পরদিন সকালে পানিশা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমি নির্বাচনের দিন উপজেলা সভাকক্ষে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে গিয়ে দুটি কেন্দ্রের ভোট গণনার জন্য আবেদন করি। কিন্তু অজ্ঞাত কারণে রিটার্নিং অফিসার ভোটগণনা ছাড়াই স্বতন্ত্র প্রার্থী (চশমা) সিরাজুল ইসলাম খোকনকে ৪৯ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। আমি নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও কৌশলে তারা আমাকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছামতো ফলাফল লিখে প্রকৃত ফল পাল্টে দিয়েছেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থীর যদি কোনো অভিযোগ থাকে তাহলে গেজেট প্রকাশ হওয়ার পর নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ রয়েছে।