বান্দরবানে এমডিএস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

বান্দরবানে ৫০ শয্যাবিশিষ্ট সেনাবাহিনীর এমডিএস হাসপাতালে নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আধুনিক এ হাসপাতালটিতে আইসিইউ, ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারসহ আধুনিক সব চিকিৎসা সুবিধা রয়েছে। ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে পাঁচতলাবিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

গতকাল রবিবার দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদরের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের মাঠে নবনির্মিত এ হাসপাতাল ভবনের উদ্বোধন করেন।

এ সময় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী, জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি, লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হক, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, ডেপুটি সিভিল সার্জন ডা. মংটিংঞো উপস্থিত ছিলেন।