রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। গত শনিবার রাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান।

নিহত মোহাম্মদ বেলাল (৪০) ওই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্করের ছেলে। আহতরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আবদুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন কনের ভাই হারেসুর রহমান ও চাচাতো ভাই আনোয়ার সাদেক।

পুলিশ সুপার শিহাব কায়সার দেশ রূপান্তরকে বলেন, বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আবদুর রহমানের মেয়ে খালেদা বিবির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করার ইচ্ছের কথা জানালে মেয়েটির পরিবার রাজি হয়নি। এমন পরিস্থিতিতে পাঁচ দিন আগে খালেদা বিবি প্রেমিকের বাড়িতে চলে আসেন। পরে শনিবার রাতে সেখানে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ খবর পেয়ে কনে খালেদার স্বজনরা ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠানস্থলে গিয়ে বরপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুপক্ষের নয়জন আহত হন।

এপিবিএন অধিনায়ক আরও বলেন, আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বেলাল নামে একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।