হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
‘৭৫-এর পর গণতন্ত্র ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারবার লাশ বানানো হয়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি পরিপূর্ণতা পেয়েছে তা দাবি করা যায় না। গণতন্ত্রকে পরিপূর্ণতা দিতে হলে গণতন্ত্রের এ অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারাকে পরিপূর্ণতা এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ৭৫-এর পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোসররা এখনো বেঁচে আছে, তারাই বারবার বাধা সৃষ্টি করে চলেছে গণতন্ত্রের অভিযাত্রায়।’
ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।