‘হাফ ভাড়া’ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ৩০ থেকে ৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখলাম, একটি রাজনৈতিক দলের ৩৫ বছর বয়সী নেত্রী, উনিও স্কুলছাত্রীর ড্রেস পরে সেখানে আন্দোলন করছেন।’ গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের যাতে কেউ রাজনীতির ক্রীড়ানক হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীরা যে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে তার প্রতি আমরা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে সারা দেশে বিআরটিসি বাসে হাফভাড়া কার্যকর করেছেন। বেসরকারি বাসমালিক সমিতিও ঢাকায় এটি কার্যকর করেছে, চট্টগ্রামেও কার্যকর হচ্ছে বলে জেনেছি। কিন্তু রাস্তাঘাট আটকিয়ে মানুষের ভোগান্তি ঘটিয়ে আন্দোলন কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নও থেকে যায়।’
কুয়েট শিক্ষকের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি শোক জানাই। বিষয়টি তদন্তাধীন এবং আমি মনে করি সুষ্ঠু তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে তার কোনো রোগ বা হার্টের সমস্যা ছিল কি না, কেউ দায়ী হলে দোষীদের যথোপযুক্ত শাস্তি হবে। অভিযোগ এসেছে, তার সঙ্গে বাগ্বিত-া হওয়ার পর উনি বাসায় গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা গেছেন। অভিযোগ যেহেতু এসেছে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ কয়েকজন ছাত্রকে বহিষ্কার করেছে। কিন্তু তদন্ত ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার আগে সেই বাগ্বিত-াকে দায়ী করা কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন থেকে যায়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ‘খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না’ এর জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কথা বলতে গিয়ে কখন কোনটা বেফাঁস বলে ফেলছেন, এ বক্তব্যই তার প্রমাণ। বেগম জিয়া রাজনীতিতে আসার বহু বছর, প্রায় চল্লিশ দশক আগে আওয়ামী লীগের জন্ম, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার এ ধরনের কথা অবান্তর। কোনো ইস্যু না পেয়ে বিএনপি মাঠ গরম করার জন্য নানা ধরনের কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না, তাদের রাজনীতি পুরোটাই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে আবর্তিত। আমরা চাই এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া সুস্থ হোন, খুব সহসাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।’