কমলগঞ্জে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী একটি পিকআপ গাড়ির চাপায় রুয়েল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার রাতে উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে বটতলা বাজাত এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে রুয়েল ভানুগাছ বাজারে যাচ্ছিলেন।

এ সময় ভানুগাছ থেকে শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগামী পিকআপ গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। 

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মাহমুদ বলেন, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।