চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে তিন গাড়ির সংঘর্ষের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করেছে খুলশী থানা-পুলিশ।
সোমবার দুপুরে রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গেটম্যান আলমগীরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলাটি রেলওয়ে থানা-পুলিশ তদন্ত করছে। খুলশী থানা-পুলিশ গেটম্যানকে আটক করেছে। তারা রেলওয়ে পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করেছে। এর আগে রবিবার রাতে নগরের পাহাড়তলী এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন গেটম্যান আশরাফুল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এর আগে গত শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটের এক পাশে লোহার বার ফেলা ছিল।
এক পাশের গেট খোলা থাকায় ওই পাশে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো দাঁড়িয়ে ছিল।
ডেমু ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় জিইসি মোড় থেকে আসা দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি টেম্পোকে ধাক্কা দিয়ে ট্রেনের ওপর আছড়ে ফেলে। সিসিটিভির ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল।
ওই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ দিকে ওই দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় বাসচালককে আসামি করে রেলওয়ে থানায় মামলা করে পুলিশ। তবে বাসচালক ও মালিক পলাতক রয়েছেন।