ডাবল ট্যাক্সেশন ও ব্যাংকিং চ্যানেলের জটিলতা দূর হলে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনটিভিচ মানটিটস্কাইয়ের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। দুই দেশ উদ্যোগেী হলে ব্যবসা বাড়ানো সম্ভব। রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ রাশিয়ায় রপ্তানি বাড়াতে চায়।
টিপু মুনশি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য নিরাপদ ও আকর্ষণীয় স্থান। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ শেষ পর্যায়ে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগসংক্রান্ত সব কাজ ও আনুষ্ঠানিকতা সহজে এবং দ্রুত সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন বলেও জানান তিনি।
চলমান কভিড-১৯ পরিস্থিতিতেও গত অর্থবছরে বাংলাদেশ রাশিয়ার বাজারে রপ্তানি করেছে ৬৬৫ দশমিক ৩১ মিলিয়ন ডলারের পণ্য। একই সময়ে আমদানি করেছে ৪৬৬ দশমিক ৭০ মিলিয়ন ডলারের পণ্য।