ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে চেয়ারম্যান পদে থাকছে না আওয়ামী লীগের নৌকা প্রতীক। ফলে দলের যে কেউ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়। গতকাল সোমবার দুপুরে সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাত ইউনিয়ন ও অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ইটনা উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে পরের ধাপে। হাওর-অধ্যুষিত কিশোরগঞ্জের এ তিন উপজেলা বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। এখান থেকে ছয়বার এমপি নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া পরপর তিনবার সাংসদ হন রেজওয়ান আহাম্মদ তৌফিক।
স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, তৃণমূল নির্বাচনে দলীয় প্রতীক থাকায় দলের একাধিক নেতা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেন। এতে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়। ফলে প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন যে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাইফুল হক মোল্লা দুলু বলেন, ‘সংসদ সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় প্রতীক ছাড়া তিন উপজেলায় নির্বাচন হবে এটা একটি ইতিবাচক দিক। জেলা জুড়ে এমনটা হলে ভোটগ্রহণে তেমন কোনো সমস্যা সৃষ্টি হতো না।’
জেলা নাগরিক অধিকার মঞ্চের সভাপতি শেখ সেলিম বলেন, ‘সরকার যদি সারা দেশে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের উদ্যোগ নিতে পারত, তাহলে ইউপি নির্বাচন আরও জমজমাট হতো। ভোটগ্রহণ আরও সহজ হতো। এমন আবেদন মঞ্জুর করানোয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিককে সাধুবাদ জানাই।’