ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অলেক মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলেক মিয়া রাধানগর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার সঙ্গে নবনির্বাচিত ইউপি সদস্য মহসিন মিয়ার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। গত ২৮ নভেম্বরের নির্বাচনে বিরোধ আরও চাঙ্গা হয়। এর জেরে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে মাসুদ মিয়ার সমর্থক অলেক মিয়া এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা মহসিন মেম্বারের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছি।’