চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের অনিকা রানী ওরফে সাহাবউদ্দিন। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের সময় নিজস্ব ঘোড়ায় চড়ে বাদ্যবাজনা বাজিয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রতীক নিতে আসেন তিনি। এ সময় তাকে দেখতে উৎসুক জনতার ভিড় জমে। ঘোড়ায় চড়ে এলেও অনিকাকে হেলিকপ্টারে চড়ে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। কারণ তিনি প্রতীক পেয়েছেন হেলিকপ্টার। অনিকা রানী পেশায় একজন মাছ বিক্রেতা।
ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর প্রতি প্রভাবিত হয়ে প্রার্থী হয়েছেন জানিয়ে অনিকা রানী বলেন, ‘সম্প্রতি দেশে তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমিও তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে জয়ের ব্যপারে আশাবাদী। যেহেতু আমার পিছুটান নেই, তাই নিবেদিতভাবে জনসেবা করতে পারব।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান বলেন, ‘বৈদ্যেরবাজার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে অনিকা রানী হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করছেন।’