রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

নতুন ভিসি অধ্যাপক শাহ আজম

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের জন্য উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শাহ আজম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং কুষ্টিয়ায় তার গ্রামের বাড়ি।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬-এর ১০ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. শাহ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে কতিপয় শর্তসাপেক্ষে যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী বিষয়টি শিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার বিকেলে ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনেছি। আশা করছি অচিরেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এ পদে যোগদান করবেন।’