প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরউদ্দিন আহমেদ।
গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করা হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) বায়েজীদুর রহমান।
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে ভারতে চিকিৎসাধীন। গত ২৬ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি দেশত্যাগ করেন বলে বিএনপি নেতারা জানান।
থানায় করা লিখিত অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের ওই শিক্ষার্থী উল্লেখ করেন, বিএনপির যুগ্ম মহাসচিব বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করছি যে, গত ৬ ডিসেম্বর রাত অনুমান ১২টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯ নম্বর রুমে বসে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিবাদীর অশ্লীল বক্তব্য ভিডিওতে দেখতে পাই, যা সরকার ও দেশের জনগণের জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিকর। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি।