পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারত এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যা বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের চমৎকার ‘সোনালি অধ্যায়ে’ ফাটল ধরাতে পারে। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ওই বৈঠকের পর ড. মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি সৌজন্য বৈঠক ছিল। কারণ আজ (গতকাল) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে শ্রিংলার আলোচনা হয়েছে।
সংক্ষেপে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা ও পানি বণ্টনসহ বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেন। তারা (ভারত) আমাদের সীমান্তের অবাঞ্ছিত ঘটনা রোধে একটি ফর্মুলা দিয়েছে।
ড. মোমেন আরও বলেন, দুই দেশের মধ্যে পানি বণ্টন সমস্যা সমাধানে পরবর্তী যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আয়োজনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও ঢাকা ভারতকে আহ্বান জানিয়েছে।
দুই দেশের সম্পর্কের চলমান ‘সোনালি অধ্যায়’ কীভাবে সামনের দিনগুলোতে এগিয়ে নেওয়া হবে, সে বিষয়েও তারা আলোচনা করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এই সম্পর্কটি দৃঢ় করতে হবে...। এটি উভয় দেশের জনগণের কল্যাণের জন্য প্রয়োজন।’ বাংলাদেশ-ভারত সম্পর্ককে মধুর অভিহিত করে ড. মোমেন বলেন, দুই দেশ এটিকে আরও উন্নত করতে চায়।
শ্রিংলা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে এবং আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতিতে সহায়তা করার জন্য দুই দিনের সরকারি সফরে গতকাল সকালে ঢাকায় পৌঁছেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী গত মার্চে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপনে যোগ দেন এবং ভারতীয় রাষ্ট্রপতির আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় ৫০তম বিজয় দিবসে যোগ দেওয়ার কথা রয়েছে। এই সফরগুলো আমাদের সম্মানিত করেছে।’
ভারতের পররাষ্ট্র সচিবের আজ বুধবার নয়াদিল্লি ফেরার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
ড. মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে ভারত আরও বেশি সতর্ক হবে, এ বিষয়ে একটি ফর্মুলাও বের করেছে তারা। সীমান্ত বিষয়ে তারা নিজেরাই বলেছে এ বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রাখবে। তারা একটি ফর্মুলা দিয়েছে, যাতে ঝামেলা না হয়।’
তিনি আরও বলেন, ‘ভারত সরকার ১৯৭১ সালে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছে। সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দুই পররাষ্ট্র সচিব। আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।’