শিবচরে দাদন চোকদার হত্যায় এক আসামি আটক

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন চোকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরমানকে ঢাকা থেকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

আজ দুপুর পৌনে ১২টার দিকে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর কাপ্তান বাজার থেকে তাকে আটক করা হয়।

পরে রাত ৮টার দিকে শিবচর থানায় তাকে আনা হয়।সে মামলায় এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি।

আটক আরমান শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে।

শিবচর থানা সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারের সাথে জমিজমাসহ বিভিন্ন সমস্যা নিয়ে পার্শ্ববর্তী সেলিম শেখের সঙ্গে গত এক বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এই দ্বন্দ্বের জেরে গত এক বছর আগে একটি মারামারি হয়। পরে এ ঘটনায় আদালতে একটি মামলা হয়।

সম্প্রতি দাদন চোকদারের পক্ষে মামলায় রায় দেয় আদালত। কিন্তু অভিযুক্ত সেলিম সেখসহ তার ছেলে ও ভাতিজারা সে রায় মেনে না নিয়ে দাদন চোকদারকে হত্যার হুমকি দেয়।

পরে (২৩ নভেম্বর) দুপুরে দাদন চোকদার শিবচর বাজার থেকে ভ্যানযোগে সেলিম সেখের বাড়ির সামনে দিয়ে তার নিজ বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষ সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত আসামিরা তাকে ভ্যান থেকে নামিয়ে রাস্তার উপর ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পর দিন সকালে মৃত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে নজরুল শেখ,সেলিম সেখসহ ১৩ জনের নাম উল্লেখ করে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৫ দিন পরে বিভিন্ন তথ্যপ্রযুক্তির সাহায্য শিবচর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (সেকেন্ড অফিসার) মো. রবিউল ইসলামের নেতৃত্বে শিবচর থানা-পুলিশের একটি দল রাজধানীর কাপ্তান বাজার থেকে আজ তাকে আটক করে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, চাঞ্চল্যকর এই মামলার একজন আসামিকে ঢাকা থেকে আটক করেছি। বাকিদের ধরতেও আমরা কাজ করে যাচ্ছি।