দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তবে সেই হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা।
ভোর পাঁচটার দিকে অকল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর ক্রাইস্টচার্চে যায় সফরকারীরা। সেখানেই ৭ দিনের কোয়ারেন্টিনে থাকবে টাইগাররা।
কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী, কোয়ারেন্টিনে পর্ব শেষে কভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে টাইগাররা।
নিউজিল্যান্ড পৌঁছে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, ‘আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পর্ব শুরু হবে। সবাই সুস্থ ও ভালোমতো পৌঁছেছি। সাত দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের। কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন। যাতে আমরা সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে টাইগাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথমদিনে বে ওভালে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৯ জানুয়ারি, হ্যাগলি ওভালে।
এর আগে, ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বাবর আজমদের বিপক্ষে হারের পরপরই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে মুমিনুল হকের দল।