এসপি’র প্রত্যাহারের দাবিতে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করেছে সাংবাদিকেরা।

জেলা শহরের বকুলতলা চত্বরে শুক্রবার দুপুরে সাংবাদিকেরা মানববন্ধন করেন।

সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক এমএ জলিল, জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

এ সময় পুলিশ সুপারের প্রত্যাহারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শহরের বকুলতলা চত্বর থেকে মৌন মিছিল শেষে ফৌজদারি মোড়ে সমাবেশ হবে। পরের দিন সকাল ১০টায় সকল উপজেলার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও-সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসপির প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। 

গত ৫ ডিসেম্বর রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। সভায় উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ‘ধরে এনে পিটিয়ে চামড়া তুলে ফেলা’ ও ‘ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর’ হুমকি দেন।