নাপোলির বিপক্ষে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে লেস্টার সিটি। তবে এই জয় পাওয়ার পথে দাঁত হারিয়েছেন হার্ভিং লোজানো।
প্রথমার্ধের শেষ সময়ে বল নিয়ে ছুটতে গিয়ে লেস্টার মিডফিল্ডার উইলফ্রেড এনদিদির সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা খান লোজানো। দাঁত হারানোর ব্যথায় সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন ২৬ বছর বয়সী উইঙ্গার। এই মেক্সিকান তারকাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে শুয়ে।
বল নিয়ে দৌড়াচ্ছিলেন লোজানো। এমন সময় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পায়ের বৃদ্ধাঙ্গুল লেগে যায় মাটিতে। বল নিতে আসা এনদিদির হাঁটুতে লাগে তার মুখ। সঙ্গে সঙ্গে ব্যথায় মাটিতে শুয়ে পড়েন লোজানো।
রেফারির ডাকে দ্রুত স্ট্রেচার আনা হয় মাঠে। এরপর গলাবন্ধনী দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। ম্যাচটিতে ৩-২ ব্যবধানে জিতেছে নাপোলি। প্রথমার্ধে দুই দল সমতায় ছিল ২-২ ব্যবধানে।