ডিসেম্বরে হচ্ছে না ঢাবির হল ছাত্রলীগের সম্মেলন!

ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অসহযোগিতার তা পিছিয়ে যাচ্ছে বলে ছাত্রলীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের বিশ্বস্ত সূত্রটি দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত দলটির সিনিয়র চার নেতারা কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় ও ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে মিটিং করে ২৩ ডিসেম্বর হল সম্মেলনের তারিখ নির্ধারণ করলেন। ওই মিটিং এ উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চাচ্ছেন না ২৩ ডিসেম্বর হল সম্মেলন করতে। এই মাসে যাতে সম্মেলন না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এই দুই নেতার বিরুদ্ধে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, জয়-লেখক চায় না হল সম্মেলন করতে। তারা মনে করে হল সম্মেলন হলে কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। তাই তারা সম্মেলন বন্ধ করার চেষ্টা করছে।

সম্মেলনের বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, গত ৮ তারিখ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। হল সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে আমরা কাজ করছি। শিগগিরই আলোচনার মাধ্যমে হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।

তবে এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা কল রিসিভ করেননি।