২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধ একাধিকবার করায় ২৫টি বাস কোম্পানির বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি এসব কোম্পানির বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির (মেট্রো আরটিসি) কাছে সুপারিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিআরটিএ পরিচালক এনফোর্সমেন্ট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাজধানীতে চলাচলকারী গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিআরটিএ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৮ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকা মহানগরে ১ হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৮০টি বাস সিএনজিচালিত এবং ১ হাজার ৩২৮টি বাস ডিজেলচালিত। রুট পারমিট না থাকা, জরিমানা অনাদায়সহ বিভিন্ন অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়।

সম্প্রতি ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরকার পরিবহন মালিকদের চাপে বাসের ভাড়াও কিলোমিটারপ্রতি ২৭ শতাংশ বাড়ায়। এরপর রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ আসতে থাকায় তা বন্ধে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সারওয়ার আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদনের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের একই অপরাধ বারবার করায় ২৫টি বাস কোম্পানির তালিকা করা হয়েছে। কোম্পানিগুলো হলোÑবসুমতি, রাইদা, পরীস্থান, এমএম লাভলী, অনাবিল, আলিফ, লাব্বাইক, তুরাগ, বলাকা, স্বাধীন, প্রজাপতি, রজনীগন্ধা, শিকড়, আকাশ, আজমেরী, মনজিল, প্রভাতি-বনশ্রী, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি-লিংক, রাজধানী, গুলিস্তান-গাজীপুর পরিবহন ও ভিআইপি পরিবহন।

এসব কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে ওই তালিকা ঢাকা মেট্রো আরটিসিতে পাঠানো হয়েছে। গাড়ির নম্বর, অপরাধ সংঘটনের তারিখ ও জরিমানার তথ্য উল্লেখ করে রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে সেখানে।

ঢাকা মহানগরে বাস চলাচলের অনুমতি দেয় মেট্রো আরটিসি। এর সভাপতি হলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। তার সঙ্গে বিআরটিএ, ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধিরা আছেন এই কমিটিতে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এবং মেট্রো আরটিসির সদস্য এনায়েত উল্লাহ গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘যে গাড়িগুলো অন্যায় করছে; তাদের লিস্ট দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই কোম্পানির সব বাসের রুট পারমিট বাতিল হবে না।’

মেট্রো আরটিসির সভা কবে হবে জানতে চাইলে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি কমিটির সদস্য এনায়েত উল্লাহ। তিনি বলেন, ‘মেট্রো আরটিসির সভাপতি পুলিশ কমিশনার। যখন করে তখন হবে।’