এবার চিপ সংকটে স্থগিত সনি

এবার বৈশ্বিক চিপ সংকটের ভুক্তভোগীর তালিকায় নাম লিখিয়েছে সনির নতুন মিররলেস ক্যামেরা। চিপ সংকটের প্রভাবে মিররলেস ভøগিং ক্যামেরা জেডভি-ই১০’র সকল আগাম অর্ডার স্থগিত করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের আগস্ট মাসেই ক্যামেরাটি বাজারজাত করা শুরু করেছিল জাপানের অন্যতম শীর্ষ এ ক্যামেরা নির্মাতা। নিজস্ব ওয়েবসাইটে পোস্ট দিয়ে ক্যামেরার আগাম অর্ডার স্থগিত করার খবর জানিয়েছে সনি। আপাতত নিজস্ব বিক্রয়কেন্দ্র বা পরিবেশক কারও মাধ্যমেই ক্যামেরাগুলো বিক্রয় না করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সনির নিজস্ব ওয়েবসাইটে পোস্ট থেকে জানা যায়, ‘সেমি কন্ডাক্টর চিপের বৈশ্বিক ঘাটতির প্রভাবে ডিজিটাল ইমেজিং পণ্যের যন্ত্রাংশ কেনার বিষয়টি বিলম্বিত হচ্ছে।’ চলতি বছরে বৈশ্বিক চিপ সংকটের প্রভাবে উৎপাদন থমকে গেছে সনির একাধিক পণ্যের উৎপাদন। নভেম্বর মাসেই এ৭ ২, এ৬৪০০ ও এ১৬০০ সিরিজের ক্যামেরার বিক্রি বন্ধ করে দিয়েছে সনি। একই সঙ্গে বিক্রি বন্ধ হয়েছে ইসিএম-বি১ শটগান মাইক ও পিএক্সডব্লিউ-জেড ক্যামকর্ডারের।

এইচডিআর-সিএক্স৬৮০ ক্যামকর্ডারের বিক্রি বন্ধ হয়েছে এপ্রিল মাসে। আপাতত বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না এ৯ সিরিজের ক্যামেরাগুলোও। অনলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে না এ৭আর ২ ক্যামেরাও। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, প্রযুক্তিনির্ভর অন্যান্য সব শিল্পের মতো চিপ সংকটের শিকার হয়েছে ক্যামেরা নির্মাতারাও। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডিভাইসগুলো উৎপাদন করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। যন্ত্রাংশের অভাবে, জেড৭ ও জেড৭ ২ ক্যামেরার সঙ্গে ইএইচ-৭পি এসি অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে দিয়েছে নিকন। নতুন ইওএস আর৩ ক্যামেরা কিনতে চাইলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ক্যানন, চিপ সংকটের ভুক্তভোগীর তালিকায় আছে ফুজিফিল্মও।