ইজিবাইকের চাকায় পিষ্ট চতুর্থ শ্রেণির ছাত্রী

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই সড়কে প্রাণ হারাল আরও এক শিক্ষার্থী। গতকাল শনিবার পিরোজপুরের নেছারাবাদে ইজবাইকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইসা আক্তার (৯)। এ ছাড়া গত শুক্রবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত ময়মনসিংহ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আর ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল।

দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

পিরোজপুরে স্কুলছাত্রী নিহত : পিরোজপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার নেছারাবাদে দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মাইসা আক্তার নামে এক স্কুলছাত্রী। সে আকমল মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল এবং স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ির মিজান ফকিরের মেয়ে।

স্থানীয়রা জানান, রাস্তা পারের সময় বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হওয়ার পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসাইন জানান, ইজিবাইকচালক ইয়াছিন (২২) পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২ : গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও উপজেলার ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। এ ছাড়া গুরুতর আহত ভ্যানচালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০) আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দশমাইল হাইওয়ে পুলিশের এসআই সফিউল ইসলাম জানান, ভ্যানকে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক (যশোর ট-১১-৫০৩৮) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাচ্চু ও হাসপাতালে আব্দুল বাসেদ মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু : ময়মনসিংহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল ১০টার দিকে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুমন মিয়া (৩৫)। তিনি গফরগাঁওয়ের ঘাগড়া ইউনিয়নের খামার এলাকার সাইফুল ইসলামের ছেলে।

নান্দাইল থানার এসআই মো. সবুর মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে নেওয়ার আবেদন করায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

ভৈরবে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু : সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএনপির সাবেক সহসভাপতি রিয়াজ আহমেদ মারুকী শাহীনের ছেলে নূর মোহাম্মদ আফ্রিদি ফোয়াদ (২৪) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপতালে মারা যান তিনি। ফোয়াদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব স্থানীয় সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।

ফোয়াদের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।