ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত মেসির সাবেক সতীর্থ

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (এফইসিএএফওওটি) সভাপতি নির্বাচিত হয়েছেন আফ্রিকান ফুটবল কিংবদন্তি স্যামুয়েল ইতো।

বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই সাবেক স্ট্রাইকার শনিবার এফইসিএএফওওটি’র সাধারণ পরিষদের সদস্যদের থেকে ৪৩ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হন।

বিদায়ী প্রেসিডেন্ট সেইদু পেয়েছেন ৩১ ভোট। তিনি আবার দায়িত্বে আছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সহ-সভাপতি পদে।

বেশ কয়েক বছর ধরে ক্যামেরুনের ফুটবল ফেডারেশনে চলছে অব্যবস্থাপনা। দুর্নীতির অভিযোগও রয়েছে বোর্ডের বিরুদ্ধে। যার ফলে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বেশ কয়েকবার এফইসিএএফওওটি ‘তে হস্তক্ষেপও করে।

শুরুতে বোর্ডের সভাপতি নির্বাচনে অযোগ্য হিসেবে নির্বাচিত হন ইতো। কারণ ক্যামেরুনের পাশাপাশি তার স্পেনের নাগরিকত্বও রয়েছে। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অধিকারী কেউ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে যে রায় তাকে চ্যালেঞ্জ করা হয় এবং পরে তা বাতিল করা হয়।

সভাপতি নির্বাচনে সাবেক সতীর্থদের কাছ থেকে ব্যাপক সমর্থন পান ইতো। ক্যামেরুনের ফুটবল থেকে দুর্নীতি দূর করারও অঙ্গীকার ও আশ্বাস দেন তিনি।

৯ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আফ্রিকান কাপ অব নেশনস আয়োজন করবে ক্যামেরুন। প্রস্তুতিতে বিলম্ব এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ২০১৯ সালে টুর্নামেন্টের আয়োজক হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে। তবে এবার আফ্রিকান কাপ আয়োজনের আগে ফেডারেশনে সভাপতি হয়ে এলেন ইতো।

ইতো জাতীয় দলের হয়ে ১১৮ ম্যাচ খেলে করেছেন ৫৬ গোল। তার দুর্দান্ত পারফরম্যান্সে ২০০০ ও ২০০২ সালে আফ্রিকান কাপ অব নেশনস জেতে ক্যামেরুন। ৪০ বছর বয়সী এই সাবেক স্ট্রাইকার রেকর্ড চারবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন।

পেশাদারি ক্যারিয়ারে ২০০৪-০৯ মৌসুম পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন ইতো। ক্যাম্প ন্যুয়ে তিনি সতীর্থ হিসেবে পান রোনালদিনহো ও লিওনেল মেসির মতো কিংবদন্তি তারকাদের। এরপর তিনি যোগ দেন ইন্টার মিলানে। ২০০৯-১১ মৌসুম পর্যন্ত সান সিরোতে ছিলেন তিনি।