জয়পুরহাটে সদর উপজেলার ভাদশা এলাকার এক গৃহবধূকে (৩২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে এ ঘটনার পর গৃহবধূ মামলা দায়ের করেন। পরে শনিবার ৩ জনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) ও বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পন্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক তাদের পার্শ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ওই ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’