বরগুনায় র‌্যাবপ্রধান

মানবাধিকার লঙ্ঘন করে না র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মানবাধিকার লঙ্ঘন করে না বলে মন্তব্য করেছে বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘র‌্যাব বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী কাজ করে থাকে। গতকাল রবিবার বরগুনার পাথরঘাটায় উপকূলীয় জীবন ও জীবিকার বিধানে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাবের বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গত শনিবার র‌্যাবের মুখপাত্র খন্দকার আল খন্দকার মঈন বলেছিলেন, ‘র‌্যাব মানুষের অধিকার রক্ষায় কাজ করে।’ এরপর গতকাল র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এমন মন্তব্য করলেন। 

মহাপরিচালক বলেন, র‌্যাব যদি কোনো কাজ করে। তখন জুডিশিয়াল সিস্টেমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। থানার পুলিশ এটা তদন্ত করে। আমরা কিন্তু তদন্ত করি না। এরপর যদি মামলা করার প্রয়োজন হয়, তাহলে মামলা হয়ে থাকে। এরপর এটা ইনভেস্টিগেশন হয়। জুডিশিয়াল প্রসেসে যাচাইবাছাই হয়। এরপর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়। এ ছাড়া আমাদের স্বাধীন মিডিয়া রয়েছে, সুশীল সমাজ রয়েছে এখানে কোনো মানবাধিকার লঙ্ঘন করা হয় না।

তিনি বলেন, ‘সুন্দরবন দস্যুমুক্ত করেছি, সাগরও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। যে যেভাবে সহযোগিতা চেয়েছে তাদের সেভাবে সহযোগিতা করেছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভা শেষে সম্প্রতি জেলেদের হামলায় নিহত এক জেলের পরিবারকে ১ লাখ টাকা ও জলদস্যুদের হাত থেকে ফিরে আসা ৯ জেলেকে ১০ হাজার টাকা প্রদান করেন র‌্যাব মহাপরিচালক।