চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. শামীম নামের এক কারাবন্দীকে নির্যাতনের অভিযোগে আদালতে সিনিয়র জেল সুপারসহ ৫ কারা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে নির্যাতনের শিকার বন্দীর স্ত্রী পারভিন আকতার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা কারারক্ষী সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেন।
এ প্রসঙ্গে মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শামীম নামের এক বন্দীকে নির্যাতনের অভিযোগে সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার ও সুবেদারসহ ৫ কারা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন নির্যাতনের শিকার বন্দীর স্ত্রী পারভিন আকতার। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডির পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে- পারভিন আকতারের স্বামী মো. শামীম সাজাপ্রাপ্ত আসামী হিসেবে ২০০৪ সাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। শামীম শ্বাসকষ্ট ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় প্রায় সময় কারাগারে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ জুলাই পর্যন্ত কারাগারের অভ্যন্তরে থাকা হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেই সময়ে অভিযুক্তরা কারা অভ্যন্তরে বিভিন্ন সময় তাকে শারীরিকভাবে নাজেহাল ও বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে মারধর করেন। পরবর্তীতে ১৭ জুলাই সন্ধ্যা ৭টার দিকে শামীমকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। গত ২২ আগস্ট কুমিল্লা কারাগার থেকে শামীম টেলিফোনে স্ত্রীকে বিষয়টি জানান বলে মামলায় উল্লেখ করা হয়।
এর আগে গত ২৫ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেল সুপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন বন্দী শামীমের স্ত্রী পারভীন আক্তার। পরে গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত নালিশি মামলা নেয়ার আবেদন ফিরিয়ে দিয়ে উপযুক্ত আদালতে মামলা করার আদেশ দেন।