ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।
গত রবিবার রাতে নিহতদের বাবা আলী আকবর এ মামলা করেন। মামলায় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়িদকে প্রধান করে আরও ৩৬ জনকে আসামি করা হয়।
চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে গত শুক্রবার দুপুরে দুই ভাইকে পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে একজন শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬)।